বৃহঃস্পতিবার, ফেব্রুয়ারি-২৬, ২০২৬
মানুষ
মানুষ শুধু রক্তমাংস নয়
সে এক চলমান ভাবনার ছায়া
আলো-অন্ধকারের দ্বন্দ্বে জড়ানো
এক জীবন সংগ্রামের কায়া।
চোখে তার স্বপ্নের জল
হৃদয়ে হাহাকার আর আশার দল।
হার মানে না, থামে না কখনো—
ভাঙে, গড়ে,
আবার নতুন আলোয় ভেসে যায়।
কখনো সে ভালোবাসা, কখনো ক্ষোভ,
কখনো নিঃশব্দে জয়ী, কখনো রক্তিম ক্ষত-বোধ।
মানুষ এক রহস্য, এক প্রশ্নপত্র,
যার উত্তর খুঁজতে গিয়ে হারায় জীবনচক্র।
তার হাঁটায় সময়ের গল্প,
তার মুখে ইতিহাস, তার বুকে বিশ্বচিত্র।
সে নির্মাতা, ধ্বংসকারক, প্রেমিক,
সে-ই তো আশার শেষ বাতিঘর, চিরন্তন পথিক।
তবু তার চোখে ধরা পড়ে ক্লান্তি,
বুকে জমে থাকে হাজার না-বলা আনতি।
তবুও সে হাসে, তবুও ভালোবাসে—
ভুল করেও ফেরে, আবার আলো আঁধারে ভাসে।
মানুষই পারে নির্জন রাতে,
এক ফোঁটা চোখের জলে ভিজিয়ে দিতে পৃথিবীর পাতাগুলো।
সে-ই তো বাঁচে, মরেও যায়,
তবু রেখে যায় এক চিহ্ন—শুধু হৃদয়ের পাতায়।
-----
তাশরিফ আফরোজ সিদ্দিকী, টঙ্গী কলেজ গেইট, গাজীপুর।